Friday, November 5, 2010

বিয়ের ছড়া

[উপক্রমনিকাঃ

লেখাটা পড়ার সময় নীচের ব্যাপারগুলো ঘটেছে ধরে নিলে হয়তো পড়তে ভাল লাগবে-

১। 'দুলহা' মানে 'বর' তার প্রায়োজনিক এবং আয়োজনিক সাজে সেজে বর-যাত্রী নিয়ে চলে গেছে 'দুলহান' মানে 'কনে'র বাড়ি;

২। কনের বাড়ি-তে পৌঁছার পর পেরিয়ে গেছে অনেকটা সময়;

৩। মুঠোফোন-এর বিপুল 'জাল' থাকা সত্ত্বেও 'বর'-এর বাড়িতে কোন খবরাখবর যায়নি অনেকক্ষণ ধরে;

৪। শেষমেষ আর ধৈর্য ধরতে না পেরে কোন এক ইঁচড়ে পাকা 'বর'-এর মুঠোফোনে ছুঁড়েছে 'বার্তা-বাণ';


ব্যস, এটুকু হলেই চলবে বোধ হয়। :)]


'দুলহান' মিলেছে;
'বিবাহিত' 'সিল'-টা
আজ পিঠে পড়লোই,
বলে কী হে 'দিল'-টা?!

ভয়ে বুক কাঁপছে?
নাকি আছো মৌজে?
ঘাড়ে বোঝা চাপলো?
নাকি গেলে ফৌজে?!

দেখা বুঝি মিলেছে;
নাকি দেখা পাওনি?
আয়নায় দেখলে?
নাকি চোরা-চাওনি?

শালী-দের ঠাট্টা
গিলে বুঝি খাচ্ছো?
নাকি নেই উৎপাত?
সুখে সুর ভাজছো?

টেনশন আছে কি?
ঘামছো কি গরমে?
ড্যাবড্যাবে চোখ দেখে
মরছো কি শরমে?

খেয়েছ কি 'এনথ্রাক্স'?
মুরগি'র 'রান'-টা?
এরপরে পেলে কী?
কোক? নাকি ফান্টা?

সব কথা শুনবো;
আছি বসে বাসা-তে,
ফিরে এসো জলদি
আমাদের হাসাতে!

দোয়া- সে তো রইলোই,
সুখী হও জীবনে-
পাশে থেকে আমরা-ও
ভাগ কিছু 'নিব'-নে!!


[শেষের কথাঃ

নানুবাসায় কাজিন-গোষ্ঠী আমরা সংখ্যায় মোটামোটি তিরিশ পেরিয়েছি। এদের মধ্যে সবচেয়ে বড় যে জন, তাঁর আজ আ'কদ।

বাসার সবার খুশিটুকু ভাগ নিচ্ছি পাঠক-দের সাথে, আর 'দুলহা' এবং 'দুলহান'-কে জানাচ্ছি শুভেচ্ছা আর অভিনন্দন!! :)]